যুক্তরাষ্ট্রজুড়ে ধেয়ে আসছে ভয়াবহ তুষারঝড়, যার কবলে পড়তে যাচ্ছে দেশটির ২০ কোটিরও বেশি মানুষ। ঝড়ের প্রভাবে নিউইয়র্ক, বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলের বড় শহরগুলোতে হাড় কাঁপানো ঠাণ্ডা ও ভারি তুষারপাত শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক, টেক্সাসসহ ১৬টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোথাও কোথাও দুই ফুট পর্যন্ত তুষারপাত এবং ঘণ্টায় ৮০ থেকে ১২০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ঝড়টিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ আখ্যা দিয়ে হাইপোথার্মিয়া ও ফ্রস্টবাইটের ঝুঁকির কথা জানিয়েছে।

ঝড়ের কারণে দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শনিবার ও রোববার মিলিয়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন।

আবহাওয়াবিদদের মতে, কানাডা থেকে আসা এই হিমশীতল বায়ুপ্রবাহ আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তীব্র শীত বজায় রাখবে।